প্রাথমিকের নিয়োগ মামলায় সিবিআই সর্বশেষ যে চার্জশিট দিয়েছে, তাতে অভিযুক্ত হিসাবে মানিক ছাড়াও আরও দু’জনের নাম নতুন করে যুক্ত হয়েছে। তাঁরা হলেন রত্না চক্রবর্তী বাগচী এবং বিভাস অধিকারী।
প্রাথমিকের নিয়োগ মামলার সর্বশেষ চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম থাকলেও আদালতে হাজিরা দিলেন না প্রাক্তন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এই মামলায় সিবিআই সর্বশেষ যে চার্জশিট দিয়েছে, তাতে অভিযুক্ত হিসাবে মানিক ছাড়াও আরও দু’জনের নাম নতুন করে যুক্ত হয়েছে। তাঁরা হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী এবং বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে তাঁরা সশরীরে হাজির হয়ে আদালতে আত্মসমর্পণ করলেও কেবল অনুপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক।