বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। রাউন্ড অফ ৩২-র ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পরই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেই মতো জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনকে (ডিএফবি) ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন ৩৮ বছরের কোচ। জার্মানির নতুন কোচ হতে পারেন যুরগেন ক্লপ।
২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নেন নাগেলসম্যান। ২০২৮ সালের ইউরো পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল। কিন্তু বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ আর কাজ চালাতে ইচ্ছুক নন। জার্মানির ফুটবল কর্তারা তাঁকে বরখাস্ত করেননি। তা-ও চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন তিনি। একাধিক প্রতিযোগিতায় জার্মানির খারাপ ফলের পর নাগেলসম্যানকে দায়িত্ব দিয়েছিলেন কর্তারা। বায়ার্ন মিউনিখ এবং আরবি লিপজ়িগের হয়ে সাফল্যই তাঁকে জার্মানির জাতীয় দলের কোচ করেছিল।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর হতাশায় নাগেলসম্যান বলেছিলেন, ‘‘যে দল প্যারাগুয়ের কাছে হেরে ছিটকে যায়, সেই দল পৃথিবীর প্রথম সারির দলগুলির মধ্যে থাকতে পারে না। এই ফল খুবই হতাশাজনক।’’ জার্মানির ফুটবল কর্তারা বিশ্বকাপে দলের ব্যর্থতার জন্য নাগেলসম্যানের কোনও সমালোচনা করেননি। তাঁর পাশেই ছিলেন। তাঁর উপরই আস্থা প্রকাশ করেছিলেন। তা নিয়ে নাগেলসম্যান বলেছেন, ‘‘কর্তারা চেয়েছিলেন আমিই দায়িত্বে থাকি। ফুটবলটা আমি বুঝি না, এমনও নয়। জানি গোটা বিশ্বে ফুটবল কী ভাবে চলে। এটাও জানি, অনেকেই আমাকে আর এই দায়িত্বে দেখতে চাইছিলেন না।’’
